দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরির সাক্ষাৎকারের নামে কর্মীকে ফাঁদে ফেলে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা।
ভুয়া নিয়োগ প্রক্রিয়া, ক্ষতিকর সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে বিন্যান্স।
জাপান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বিন্যান্সের তথ্য অনুযায়ী হ্যাকাররা প্রথমে চাকরি খোঁজার একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে। নিজেদের একটি প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক পরিচয় দিয়ে ওই কর্মীকে চাকরির প্রস্তাব দেয়া হয়। এরপর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচয়ে আরেক ব্যক্তি তার সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারের অংশ হিসেবে ওই কর্মীকে একটি কাজের নমুনা বা অ্যাসাইনমেন্ট দেয়া হয়। সেটি ডাউনলোড করতে গিয়েই তিনি অজান্তে ক্ষতিকর কোডযুক্ত একটি সফটওয়্যার সংগ্রহ করেন। এর মাধ্যমে হ্যাকাররা তার কম্পিউটারে প্রবেশের সুযোগ পায়।
বিন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং বলেন, এটি কোনো একক ভুল বা বিচ্ছিন্ন নিরাপত্তা ত্রুটি ছিল না। বরং কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে হামলার প্রস্তুতি নেয়া হয়েছিল। ভুয়া নিয়োগ সাক্ষাৎকার, বৈধ ডেভেলপার টুলের ছদ্মবেশে ক্ষতিকর সফটওয়্যার, আক্রান্ত ডিভাইস এবং এআই প্রযুক্তি ব্যবহার করেছে হামলাকারীরা।
প্রতিবেদনে বলা হয়, মূল হামলার নয় দিন আগেই ওই প্রকৌশলীর ল্যাপটপ ব্যবহার করে আরও দুই সফটওয়্যার প্রকৌশলীর কম্পিউটারে প্রবেশ করে হ্যাকাররা। তারা বিন্যান্সের ডিজিটাল ওয়ালেট নিয়ে কাজ করতেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি এআই টুল ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে বিন্যান্স। তবে টুলটির কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কস এ ধরনের ভুয়া চাকরির সাক্ষাৎকারভিত্তিক হামলাকে ‘কনটেজিয়াস ইন্টারভিউ’ নামে চিহ্নিত করেছে। এর আগেও একই কৌশলে ক্রিপ্টো খাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। ২০২২ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অ্যাক্সি ইনফিনিটির এক প্রকৌশলীকে ফাঁদে ফেলে প্রায় ৫৯ কোটি ডলার চুরি করে। ২০২৫ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে চুরি হয় ১৫০ কোটি ডলার।
হামলার পর টেথার ও সার্কেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ৩০০ কোটি ডলারের তহবিল আটকে দেয়, যাতে হ্যাকাররা সেগুলো সরিয়ে নিতে না পারে। বিন্যান্স জানিয়েছে, চুরি হওয়া অর্থের বড় অংশ তারা নিজেদের কোষাগার ও বিমা তহবিল থেকে পুনরায় পূরণ করেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, নিরাপত্তা জোরদার এবং এআই-নির্ভর শনাক্তকরণব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
কে